নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে নূর ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নূর ইসলাম চরআড়িয়ারা গ্রামের মোকলেস শেখের ছেলে। এ ঘটনায় আরোও ৪ জন আহত হয়েছেন।

অপর এক নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় জেলার কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নে গৃহবধুসহ দুই জন আহত হয়েছে। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জয়পুর ইউনিয়নে নির্বাচন পরবর্তীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার দুপুরে বিজয়ী চেয়ারম্যান আক্তার হোসেন এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় চেয়ারম্যান আক্তার পক্ষের সমর্থক নূর ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান আক্তার হোসেন জানান, নির্বাচনে তার পক্ষে কাজ করায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন নূর ইসলামকে হত্যা করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে, অপর এক ঘটনায় কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের রাজাপুর নামক স্থানে শনিবার সন্ধ্যার দিকে নৌকা প্রতীকের সমর্থক জুলু মল্লিক (৪২) ও তার স্ত্রী বিউটি বেগমের (৩২) ওপর হামলা করে জখম করেছে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুল মল্লিকের লোকজন মুরাদ মোল্যা, সাত্তার মোল্যা,আলমগীর,কালাম মল্লিক ও কুদ্দুস মল্লিকসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল। আহতরা কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে#

নড়াইল প্রতিনিধি