বিট্রিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের মামলার রায়ের দিন আগামী ১ডিসেম্বর পুননির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২  এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই নতুনতারিখ নির্ধারণ করেন।

বার্গম্যানের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণে আদালতে উপস্থিত থাকতে পারবেন না মর্মে সময় আবেদন করেন। অন্যদিকে আদালতও রায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে না পারায় তারিখ পিছিয়ে পরবর্তী এ দিন ধার্য করেন।

এসময় সাংবাদিক ডেভিড বার্গম্যান ও ব্যারিস্টার স্ত্রী সারাহ হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

এর আগে বার্গম্যানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। অপরদিকে ছিলেন আইনজীবী মিজান সাঈদ।

গত ২০ ফেব্রয়ারি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে আদালত। ট্রাইব্যুনালে ৬ মার্চ হাজির হয়ে ২০১১ সালের ১১ নভেম্বর ও ২০১৩ সালের ২৮ জানুয়ারি ব্লগে লেখার বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়।

 ব্লগে লেখার বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন  করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ । তার পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করে আইনজীবী মিজান সাঈদ।

আবেদনকারী আইনজীবী আবেদনে বলেন, সাংবাদিক ডেভিগ বার্গম্যান তার নিজস্ব ওয়েবসাইটে (bangladeshwarcrimes.blogspot.com)  আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-১; ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল অ্যান্ড ডিফেন্স ইনডিকোয়েন্সি এবং আজাদ জাজমেন্ট অ্যানালাইসিস-২; ট্রাইব্যুনাল অ্যাজাম্পশন শীর্ষক লেখা প্রকাশ করেন।

এসব লেখায় ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আযাদের রায় নিয়ে করা মন্তব্যে ট্রাইব্যুনালের মর্যাদাহানি হয়েছে বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

একইসঙ্গে এই আইনজীবী তার আবেদনে উল্লেখ করেন ডেভিড বার্গম্যানের ব্লগে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে।

বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক ‘দ্যা নিউএজ’র বিশেষ প্রতিনিধি। এছাড়া তিনি সংবিধান প্রনেতা ড. কামাল হোসেনের মেয়ের জামাতা।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে থেকেই এই বৃটিশ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে কাজ শুরু করেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গবেষণা, বিভিন্ন লেখালেখি ও কয়েকটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছেন ডেভিড বার্গম্যান।

 

কেএ/এএইচ