বন্দুকযুদ্ধকক্সবাজারের টেকনাফে বিজিবি-পুলিশ যৌথ অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ প্রকাশ মুছু (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

রবিবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ১০ হাজার পিস ইয়াবা ও একটি অস্ত্র উদ্ধার করা হয়।

এসময় বিজিবি ও পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে বিজিবি। নিহত মোস্তাক ওই এলাকার জাকির হোসেনের ছেলে।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে.কর্নেল মো: আছাদুদ-জামান চৌধুরী জানান, ‘গতকাল ১৯ জানুয়ারি সন্ধ্যায় টেকনাফ উপজেলার উত্তর জালিয়াপাড়া এলাকায় বিজিবি ও পুলিশ যৌথ অভিযানে নামেন।

এসময় ওই এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মোস্তাক আহমদ প্রকাশ মুছুকে আটক করা হয়। পরে আটক মুছুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারেন যে বেশ কিছু ইয়াবা তার কাছে সংরক্ষিত আছে।

এই খবরে রাতে আটক মোস্তাক আহমদকে নিয়ে জালিয়াপাড়া এলাকায় অভিযানে বের হয়। অভিযানের এক পর্যায়ে বিজিবি-পুলিশকে লক্ষ্য করে পাচারকারিরা গুলি করে আটক মোস্তাক আহমদকে কেড়ে নেয়ার চেষ্টা চালায়।

এসময় আত্মরক্ষার্থে বিজিবি-পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারিরা পিছু হটে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোস্তাক আহমদকে প্রথম টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আছাদুদ-জামান চৌধুরী আরও জানান, ‘বিজিবি ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিহত মোস্তাক আহমদের মৃতদেহ ময়নাতদন্তের অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

এদিকে, বিষয়টি জানতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের মুঠোফোনে বার বার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এএস