গাড়ি ভাঙচুর মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এহসানুল হক মিলন বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর একটায় চাঁদপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে মিলনসহ ২০ জনের বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন স্থানীয় কলিম উল্ল্যাহ নামে এক ব্যক্তি। (মামলা নম্বর ৫৫/২০০৯)। এ মামলার বাদী ও সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিলে আদালত মিলনসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে মামলার অন্য ১২ জন উপস্থিত থাকায় তাদের জামিন দেওয়া হয়।

মিলনের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার চারটি মামলার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তিনি বিদেশে অবস্থান করায় আদালতে উপস্থিত হতে পারেন নি। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলেও অপর তিনটি মামলায় তাকে জামিন দিয়েছে আদালত।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতারের পর দেড় বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

এএইচ