চট্টগ্রামের কর্ণফুলীতে সোয়া ১ লাখ পিস ইয়াবা’সহ ফারুক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিকলবাহা এলাকা থেকে ইয়াবা’সহ ওই যুবককে গ্রেফতার করা হয়।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। তবে এখনো জানা যায়নি, কারা এই বিশাল ইয়াবা চালান মজুদ করল। এমন কী কারা এই সবের পিছনে জড়িত। এর হদিস বের করতে মাঠে নেমেছে পুলিশ।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম বলেন, শিকলবাহা বখতিয়ারপাড়া এলাকা থেকে ফারুক নামে একজনকে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা’সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের ধারণা, যিনি গ্রেফতার হয়েছেন তিনি মূলহোতা নন। আসল গডফাদার পর্দার আড়ালে রয়েছেন।

এমবি