ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতাররা হলেন- আল-আমিন ইসলাম মানিক ওরফে রবিন (২৭), আব্দুল্লাহ (২৮), হাছান (২৭) ও ইয়াছিন (২৭)। তাদের কাছ থেকে লুটের ১৫ লাখ টাকা, দুটি টিভি, দুটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, গত ৩০ ডিসেম্বর শেষ রাতে তেজগাঁওয়ের সোনারগাঁও ক্রসিং সংলগ্ন সুমনা গণি ট্রেড সেন্টারের নীচ তলায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করার সময় ৭ দুর্বৃত্ত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৯২ লাখ ৮ হাজার ৫০০ টাকা লুট করে। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, তারা টাকা লুট করে কক্সবাজার চলে যায়। সেখানে ফূর্তি করে ৪০-৫০ লাখ টাকা খরচ করে। পরে ডাকাতি করতে যাতে গাড়ি ভাড়া করতে না হয় সেজন্য বাকি টাকা দিয়ে তারা একটি গাড়ি কিনতে চেয়েছিল। তারা সম্প্রতি বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী ট্রাক ডাকাতি ও যমুনা গ্রুপের একটি ট্রাক লুট করেছে। গ্রেফতার চারজনের মধ্যে তিনজন অন্যান্য ডাকাতির সঙ্গেও সরাসরি জড়িত।
ডাকাতির সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারি জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এআই, জেএ





