নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সংরক্ষিত নারী ওয়ার্ড কমিশনার জান্নাতুল ফেরদৌস নীলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার বিকালে আলোচিত সাত খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়ে ফেরার পথে সদর থানার হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নীলাকে আটক করা হয়েছে।
সূত্রমতে, সাত খুন মামলার প্রধান ও পলাতক আসামি নূর হোসেনের সঙ্গে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার ঘনিষ্ট সম্পর্ক ছিল। নূর হোসেনের নানা ঘটনার সাক্ষী ছিলেন তিনি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেয়া হয়।
ইতোপূর্বে গণমাধ্যমকে নীলা বলেছেন, নূর হোসেন তাকে রক্ষিতা বানাতে চেয়েছিল। তাকে বিভিন্ন সময়ে ৩৫ লাখ টাকা মূল্যের গাড়িও উপহার দেয়। এছাড়া নূর হোসেনের কারণে নীলা তার স্বামীকেও ডিভোর্স দেয়।
জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুব মহিলা লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]