হাইকোর্টের দেওয়া রায় কার্যকর না হওয়ায় রাজধানীর চার থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। ওই চার কর্মকর্তা হলেন বংশাল থানার নুর-ই আলম সিদ্দিকী, সুত্রাপুর থানার আশরাফ উদ্দিন, কোতোয়ালি থানার আবুল হাসান ও শাহবাগ থানার আবু বকর সিদ্দিকী।

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে হাইকোর্টের রায় কার্যকর না হওয়ায় ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ’-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা করেন।

হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট এক রায়ে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত পরিষ্কার রাখাসহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে নির্দেশ দেন।

কিন্তু হাইকোর্টের ওই রায়ের পরও রাস্তা ও ফুটপাত দখলমুক্ত না হওয়ায় এর আগে ওই চার থানার ওসিকে লিগ্যাল নোটিশ দিয়ে এ বিষয়ে জবাব চাওয়া হয়। কিন্তু তারা এ সংক্রান্ত জবাব না দেওয়ায় রোববার মামলা করা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।


এমএনজে