নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. ইউসুফ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

রাজধানীর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরপরই তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে পুলিশ।

এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া থেকে এক নারীসহ দুই জনকে গ্রেফতার করা হয়।

বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের একটি ফ্ল্যাটে খুন হন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী। ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে ‍সুন্নাত ওয়াল জামাতেরও নেতা ছিলেন।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ