আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির পিস্তলের গুলিতেই যে ঢাকার নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনা ঘটেছে, পরীক্ষা করে পুলিশ এ এ সম্পর্কে নিশ্চিত হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,“সিআইডির ব্যালাস্টিক পরীক্ষায় দেখা গেছে, ভিকটিমদের গায়ে পাওয়া গুলি ও রনির পিস্তল একই ক্যালিবারের। রনির পিস্তলের গুলিতেই জোড়া খুন হয়েছে।’

মনিরুল বলেন, ‘আমরা ব্যালাস্টিক পরীক্ষা করার জন্যে রনির পিস্তল এবং ভিকটিমের শরীরে পাওয়া গুলি সিইসিডিতে পাঠিয়েছেলাম। বৃহস্পতিবার আমাদের কাছে প্রতিবেদন এসেছে। এতে দেখা যায়, হু্বহু মিল রয়েছে। আমরা নিশ্চিত হয়েছি- এ পিস্তলের গুলিতেই দুই জন নিহত হয়েছেন।’

এই পুলিশ কর্মকর্তা জানান, গত ১৩ এপ্রিল মধ্যরাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে ছোড়া গুলির ঘটনার পর সিসিটিভির ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন হিসাবে বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করা হয়। পরে জানা যায়, তিনি এমপির ছেলে।

ওই গুলিতে এক অটোরিকশাচালক এবং এক রিকশাচালক মারা যান।

যানজটে পড়ে বিরক্ত হয়ে রনি ওই গাড়ি থেকে গুলি চালান বলে অভিযোগ ওঠে।

গণমাধ্যমের খবরে বলা হয়, দু'দফায় মদপানের পর রনি সে সময় ভয়ানক মাতাল ছিলেন।

সেদিন ওই গাড়িতে থাকা রনির বন্ধু কামাল মাহমুদও বুধবার ঢাকার হাকিম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, লাইসেন্স করা পিস্তল থেকে এমপিপুত্রই গুলি ছুড়েছিলেন।

কালো রঙের যে প্রাডো গাড়ি থেকে গুলি ছোড়া হয়েছিল, তা সংসদ সদস্য পিনু খানের। গাড়িটিও ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ।

কেএইচ