[b]চট্টগ্রাম:[/b] স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পাষন্ড স্বামী আব্দুল মান্নানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দিয়েছেন চট্টগ্রামের আদালত।
আজ দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ রায় দিয়েছেন।
এ রায়ে আদালত আসামিকে এক লক্ষ টাকা অর্থদন্ডও দিয়েছেন। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দন্ডিত আসামির মা রাবেয়া খাতুনকে মামলা থেকে অব্যহতি দেন আদালত।
আদালত সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,২০০১ সালের ১৯ এপ্রিল রাত ১০টার দিকে যৌতুকের জন্য আব্দুল মান্নান তার স্ত্রী পাঁচ মাসের অন্ত:স্বত্তা নার্গিসকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে নার্গিসের লাশ বাড়ির পাশে আখক্ষেতে ফেলে দেয়া হয়। স্থানীয়রা পরদিন সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে।
অভিযুক্ত আব্দুল মান্নান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের নতুন চরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। ২০০০ সালে একই গ্রামের দুদু মিয়ার মেয়ে নার্গিস আক্তারকে বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিলো মান্নান।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট চন্দন তালুকদার জানান, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় পুলিশ আসামীকে গ্রেফতার করলেও পরে জামিন পেয়ে গত বছরের ১৭ আগস্ট থেকে মান্নান পলাতক আছে। যেদিন সে গ্রেফতার হবে তখন তার রায় কার্যকর হবে।
চট্টগ্রাম,২৩জানুয়ারি(টাইমনিউজবিডি)এসএইচ