রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার ১১টার দিকে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার কারাবন্দি ৫ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৫ জন হলেন- নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, জেএমবি সদস্য ইসাহাক আলী, লিটন মিয়া, আহসান উল্লাহ আনসারী ও সাখাওয়াত হোসেন। খালাস পেয়েছেন জেএমবি সদস্য আবু সাঈদ।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে (৬৬) গুলি করে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী হত্যাকাণ্ডের ৯ মাস পর গত বছরের ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। এতে ৮ জনকে আসামি করা হয়।

চার্জশিটভুক্ত ৮ জনের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। আর অপর চার্জশিটভুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী এখনও পলাতক আছেন।

এমবি