আজহারের বিরুদ্ধে আইনি যুক্তি উপস্থাপনকালে অশালীন মন্তব্য করায় প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে তলব করেছে ট্রাইব্যুনাল।

আগামীকাল আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ দেয়।

মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আজহারের বিরুদ্ধে আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনকালে রংপুর টাউন হলের একটি ঘটনা বর্ণনা দেয়ার সময় তুরিন আফরোজ এ টি এম আজহারুল ইসলামকে ‍"পশু ও নরপশু" বলেন।

যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে আজহারের আইনজীবি শিশির মোহাম্মদ মনির ট্রাইব্যুনালে বিষয়টি উপস্থাপন করে বলেন, প্রসিকিউটর তুরিন আফরোজ যা বলেছেন তা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও আদালত অবমাননার শামিল।

এরপর ট্রাইব্যুনাল বলেন, কবিতা, গল্প, নাটকে অনেক ভাষা ব্যবহার করা যায়। কিন্তু আদালতে তা বলা যায় না। একজন আসামি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এ রকম কথা বলা যায় কি? বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থিত প্রসিকিউটর জিয়াদ আল মালুমকে জিজ্ঞাসা করা হয়।

জবাবে জিয়াদ আল মালুম বলেন, তুরিন আফরোজের শব্দচয়ন অসতর্কতামূলক, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত নয়। এটা আদালতের ভাষা নয়। তাই আমরা দুঃখ প্রকাশ করছি।

পরে আদালত বৃহস্পতিবার তুরিন আফরোজকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন।

ঢাকা,কেএ,২৭ আগষ্ট,টাইমনিউজবিডি.কম, এএইচ