মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের রায় আগামী সোমবার ঘোষণা করা হতে পারে। আজ শনিবার এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বার্গম্যান বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশেষ প্রতিবেদনের সম্পাদক। ২০১১ সালে তিনি নিজের লেখা ব্লগে মুক্তিযুদ্ধকালে ৩০ লাখ শহীদের সংখ্যাটি নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তাঁর কাছে ব্যাখ্যা চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদের এ-সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই ব্যাখ্যা চান।

ওই আবেদনে বলা হয়, বার্গম্যানের নিজস্ব ব্লগে (বাংলাদেশ ওয়ার ক্রাইমস ডট ব্লগ স্পট ডট কম) তিনটি লেখায় মুক্তিযুদ্ধকালে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এগুলো হলো: ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ১: ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালস অ্যান্ড ডিফেন্স ইনএডেকোয়েসি’, ‘আযাদ জাজমেন্ট এনালাইসিস ২: ট্রাইব্যুনাল অ্যাসাম্পশন’ এবং ‘সাঈদী ইনডাইক্টমেন্ট: ১৯৭১ ডেথস’। পরে ট্রাইব্যুনালের আদেশ অনুসারে বার্গম্যান এ বিষয়ে ব্যাখ্যা দিলে এর ওপর শুনানি হয়।

তবে বার্গম্যানের ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানান ট্রাইব্যুনাল। এ জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সাংবাদিক বার্গম্যানের বিরুদ্ধে এর আগেও আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ২০১১ সালের ১ অক্টোবর নিউ এজ-এ ‘অ্যা ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামের প্রতিবেদনের জন্য এর লেখক ডেভিড বার্গম্যান, পত্রিকাটির সম্পাদক নুরুল কবির ও প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন ট্রাইব্যুনাল-১।

২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ওই রুল নিষ্পত্তি করে দেওয়া আদেশের সময় ট্রাইব্যুনাল বার্গম্যানকে ‘সর্বোচ্চ সতর্ক’ করে দিয়ে বলেন, ওই প্রতিবেদনের একটি অংশ ‘অত্যন্ত অবমাননাকর।’

এএইচ