মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইবুনালের দেয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার দুপুরে এ আপিল দায়ের করেন আজহারের আইনজীবীরা।

আপিলের মূল আবেদন ৯০ পৃষ্ঠা। ১১৩ টি গ্রাউন্ডসহ মোট ২৩৪০ পৃষ্ঠার আবেদন জমা দেয়া হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মাদ মনির।

আপিল দায়েরের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এ মামলায় সাক্ষিদের পরস্পর বিরোধী বক্তব্য এটিএম আজহারকে নির্দোষ প্রমাণ করে।’

তিনি বলেন, ‘২৬ নং সাক্ষীর জবানবন্দি অনুযায়ী আজহারের বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যার অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।’

অ্যাডভোকেট শিশির মোহাম্মাদ মনির বলেন, ‘৪ ও ২৫নং সাক্ষীর জবানবন্দি অনুযায়ী ডকুমেন্ট তৈরি করে প্রসিকিউশন নিজেদের মতো করে মামলা সাজিয়েছে।’

এর আগে গত ৩০ ডিসেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াত নেতা আজহারকে মৃত্যুদণ্ড দেন।

আজহারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৬টি অভিযোগ আনা হয়েছে।

ট্রাইব্যুনাল বলেছে, এর মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। ২, ৩ ও ৪ নং অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৫নং অভিযোগে তাকে ২৫ বছর জেল ও ৬ নং অভিযোগে ৫ বছরের জেল দেয়া হয়। তবে ১নং অভিযোগ প্রমাণিত হয়নি।

এটিএম আজহারের বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, ৪ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

আপিল শেষে শিশির মনির বলেন, ‘আমরা আশা করছি এটিএম আজহার খালাস পাবেন।’

বুধবার তিনি এ আপিল করেন।

কেএইচ/এমকে