রাজধানীর খিলগাঁও থেকে পাঁচ কেজি বিস্ফোরকদ্রব্যসহ ২ যুবককে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে খিলগাঁওয়ের সি-ব্লক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাহবুবুর রহমান (১৮) এবং আতিকুর রহমান (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার এএসআই মাজহারুল ইসলাম।
তিনি জানান, আটককৃতরা খিলগাঁওয়ের ‘স্কলার’কোচিং সেন্টারে ক্লাশ নেয়। তখন ওই কোচিংয়ের মালিক সাদেক হোসেন তাদেরকে ওই ব্যাগভর্তি বিস্ফোরক খিলগাঁওয়ের এক বাসা থেকে আনতে বলে। এ সময় তাদের কাছ থেকে এ বিস্ফোরক দ্রব্য আটক করা হয়। প্রাথমিকভাবে তারা এ দায় স্বীকার করেছে।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে আতিকুর রহমান নারায়ণগঞ্জের তোলারাম কলেজের ২য় বর্ষের ছাত্র এবং অপরজন মাহবুবুর রহমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে।
আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
জেইউ/এসএইচ





