কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
ফজলুর রহমান বর্তমানে আমেরিকায় আছেন। তিনি বাংলাদেশে আসার পর বিমান বন্দর থেকে কিশোরগঞ্জ জেলা আদালতে আত্মসমর্পন না করা পর্যন্ত সময়ে তাকে গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতে তার পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন।
শুনানিতে ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এখন সকল সমালোচনার উর্ধ্বে হয়ে গেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমালোচনা করলেই তা রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। আমাদের দেশের গণতন্ত্র এখন এই পর্যায়ে এসে পৌছেছে।
জানা গেছে, চলতি বছর ১৯ মার্চ কিশোরগঞ্জে তার নির্বাচনী এলাকা ইটনার এক জনসভায় সরকারের সমালোচনা করায় সরকারদলীয় মো. আলী হোসেন নামের এক ব্যাক্তি তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী)করে।
জিডি এন্ট্রি করার পরে তার ওপর ভিত্তি করে ফজলুল রহমানের বিরুদ্ধে ১৮ আগস্ট চার্জশিট (অভিযোগ পত্র) দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। সরকারের অনুমতি সাপেক্ষে জিডিটি পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহী মামলায় রুপান্তরিত হয়। পরে ওই অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
কেএ/এসএইচ





