জাপানি নারী হিরোয়ে মিয়াতা (৬১) হত্যা মামলার প্রধান আসামি জাকিরুল ইসলাম পাটোয়ারির (৪২) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা-পূর্ব থানার পরিদর্শক আবু বকর মিয়া আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

ওই আবেদনে বলা হয়, গত ২৬ আগস্ট অপর সহযোগী আসামিদের নিয়ে জাকিরুল জাপানি নারীকে অপহরণ করেন। পরে জাকিরুল তাঁর ব্যবসায়িক সহযোগীর ছেলে ফখরুল ইসলামের সহযোগিতায় ওই নারীকে বসুন্ধরা আবাসিক এলাকায় নিয়ে যান।

এর তিন দিন পর ২৯ আগস্ট কৌশলে জাপানি নাগরিককে হত্যা করা হয়। হত্যার পর এ আসামি নিজের গাড়িতে করে মৃতদেহ উত্তরা এলাকায় নিয়ে যান। সেখানে মারুফ হোসেনের গ্যারেজে কাফনের কাপড় পরান। পরে তিনি ওই জাপানি নারীকে নানি পরিচয় দিয়ে লাশ দাফন করেন।

পুলিশের রিমান্ড আবেদনে আরও বলা হয়, হত্যার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য এই আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে জাকিরুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জাপান দূতাবাসের অনুরোধে পুলিশ মিয়াতার নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে এবং হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে উত্তরা-পূর্ব থানায় মামলা করে। হত্যার ঘটনায় ২২ নভেম্বর পুলিশের করা মামলায় বলা হয়, এজাহারভুক্ত আসামিরা কৌশলে মিয়াতাকে অপহরণ করে হত্যা করেন। তাঁরা মিয়াতার নাম-পরিচয় গোপন করে লাশ গুম করেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।

পরে আসামিরা মিয়াতার মালামাল চুরি করে নিয়েছেন। মামলার বাদী হয়েছেন থানার পরিদর্শক (অভিযান) মো. মিজানুর রহমান।

কেবি