রাজধানীর পশ্চিম নাখালপাড়ার পুরাতন এমপি হোস্টেল সংলগ্ন একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে র্যাবের অভিযানে কথিত ৩ ‘জঙ্গি’ নিহত হয়েছে।
অভিযান শেষে আজ (শুক্রবার) সকালে র্যাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। র্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, ভেতরে ৩ জনের মরদেহ পাওয়া গেছে। সম্ভবত তারা আত্মঘাতী হয়েছে। তারাই গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে।
আজ (শুক্রবার) ভোররাত ৩টা থেকে ১৩/১ রুবি ভিলা নামের ওই বাড়ির ৫ম তলার অভিযান চালায় র্যাব সদস্যরা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ওই বাসায় কিছু ব্যাচেলর ভাড়া থাকে। তবে আমাদের কাছে কখনওই জঙ্গি বলে মনে হয়নি।
র্যাবের ডিজি বেনজির আহমেদ আরও বলেন, জঙ্গিরা জাহিদ নামের একজনের ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে বাসাটি ভাড়া নেয়। তবে ভেতরে আরও একটি ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে। দু’টি কার্ডেরই ছবি একটি, নাম দু’টি। আমাদের মনে হচ্ছে, তারা ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছে।
তিনি আরও বলেন, গত ৪ জানুয়ারি তারা জাহিদ পরিচয় দিয়ে বাসাটা ভাড়া নেয়। নিহতরা সবাই ২০ থেকে ৩০ বছরের যুবক। ভেতরে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। আরও একটি গ্রেনেড ভেতরে রয়েছে। তাদের রুমে পিস্তল’সহ আরও কিছু আর্মস রয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ তলা বাড়িটির ৫ম তলায় কয়েকজন ‘জঙ্গি’ সদস্য রয়েছেন বলে তারা জানতে পারেন। তিনি জানান, ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়িটি ঘিরে ফেলার পর একটানা প্রায় ৪০ মিনিট গোলাগুলি চলে। ওই বাড়ি থেকে র্যাবকে লক্ষ্য করে ‘জঙ্গিরা’ গ্রেনেড ছোড়ে বলেও তিনি জানান।
এমবি





