নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার চার্জ গঠনের জন্য আগামী ২৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
সোমবার সকালে নারায়ণগঞ্জ ১ নং অতিরিক্ত দায়রা ও জেলা জজ বিচারক মিয়াজী শহিদুল ইসলাম এ দিন ধার্য করেন।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের প্রাক্তন দুই কর্মকর্তাসহ ২২ আসামিকে আজ আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে সাত খুন মামলার চার্জ গঠনের দিন ধার্য করেন। সাত খুন মামলার আরেক আসামি র্যাবের প্রাক্তন সিও তারেক মোহাম্মাদ সাইদকে অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির করা হয়নি।
এর আগে তিনটি চাঁদাবাজি মামলায় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়।
এদিকে নূর হোসেনসহ ৫ আসামির বিরুদ্ধে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ছুটিতে থাকার কারণে ১ নং অতিরিক্ত দায়রা ও জেলা জজ বিচারক মিয়াজী শহিদুল ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয়। আদালত শুনানি শেষে সাত খুন মামলার চার্জ গঠনের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।
এমএম





