আপিলের রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল থাকা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, ‘সর্বোচ্চ আদালতের আপিলে কামারুজ্জামান ন্যায় বিচার পাননি। আমাদের জন্য এর চেয়ে বেদনাহত ও মর্মাহতের ঘটনা আর হতে পারে না।’
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার সকালে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম তার প্রতিক্রিয়ায় আরও বলেন, আইনজীবী হিসেবে দক্ষতার যতটুকু ছিল তা দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। রাষ্ট্রপক্ষ বলছে, রিভিউ করার সুযোগ নেই। এটা ভ্রান্ত। কাদের মোল্লার আপিলের রায়ের পর রিভিউ করেছিলাম। এবারও রিভিউ করব।
‘কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবে কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, এটা কামারুজ্জামানের ব্যক্তিগত বিষয়।
এআর





