প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘বেহাত হওয়া দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধারে কাজ চলছে। অর্পিত সম্পত্তির বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইন্দানগর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে গিয়ে যেন সহাবস্থান বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এর মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’

পূজা মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, ফেঞ্চুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সানোয়ারুল হক, ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।

ইআর