পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি ৪ সপ্তাহ মুলতবি করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অতিরিক্ত আটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
প্রতিকার চাকমা বলেন, ‘৪ সপ্তাহ পর আপিল মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’
গত ৩০ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১১ সালের ৩ মার্চ লিভ টু আপিল গ্রহণ করেন আপিল বিভাগ।
২০১০ সালের ১২ ও ১৩ এপ্রিল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন বাতিল করে রায় দেন।
রায়ে শান্তিচুক্তির পর প্রণীত পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অসাংবিধানিক বলে রায় দেয় হাইকোর্ট। তবে রায়ে পার্বত্য শান্তিচুক্তিকে বৈধ ঘোষণা করা হয়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮-এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙামাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরে ২০০৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাজুল ইসলাম শান্তিচুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন করেন।
বদিউজ্জামানের রিট আবেদনের পর হাইকোর্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানাতে রুল জারি করেন সরকারের প্রতি।
অন্যদিকে তাজুল ইসলামের রিট আবেদনে পার্বত্য শান্তিচুক্তি কেন বাতিল করা হবে না তা জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়।
এএস





