বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ব্যয় খাতের উল্লেখ না করা সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মামলাটি চলবে।

একইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটির বিচারে আদালত পরিবর্তনেরও আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার মওদুদের দু’টি পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।

জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুর্নীতির মামলাটি করে দুদক।

গত ২১ জুন মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ) করে এ মামলার বিচার শুরু করেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত। হাইকোর্টে অভিযোগ গঠনের বিরুদ্ধে একটি ও ওই আদালত পরিবর্তন চেয়ে আরেকটি আবেদন করেন মওদুদ।

আইনজীবী খুরশীদ আলম খান জানান, ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো ধরনের মুলতবি না করে ৬ মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতেও বলা হয়েছে।

এমবি