সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার রফিক-উল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম নামাজে জানাজা রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে অনুষ্ঠিত হবে। এরপর প্রবীণ এই আইনজীবীর মরদেহ নেয়া হবে পল্টনের বাসায়। সেখান থেকে মরদেহ নেয়া হবে বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মরদেহ আনা হবে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানীর কবরাস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে সাবেক এই অ্যাটর্নি জেনারলকে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে সর্বজনশ্রদ্ধেয় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।”

তিনি বলেন, “মরহুমের নামাজে জানাজা আজ বেলা ২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রক্ত শূন্যতা ও প্রস্রাবের সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতা দেখা দেয়ায় গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ডা. নাহিদ ইয়াসমিন বলেন, “তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। আমাদের সবার চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি।” তিনি আরও বলেন, “গত ১৭ অক্টোবর হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় ব্যারিস্টার রফিক-উল হকের। তার অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাৎক্ষণিক তাকে নেয়া হয় আইসিইউতে। এরপর থেকে তিনি আইসিইউতেই ছিলেন।”

এর আগে গত ১৬ অক্টোবর থেকে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রফিক-উল হক। এরপর কিছুটা সুস্থবোধ করলে রিলিজ নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু দুপুরের পরপরই ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

এমবি