ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট আগামী মে মাসের মধ্যে আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ (২৮ এপ্রিল) রোববার দুপুরে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানান।
বনোজ কুমার মজুমদার বলেন, “ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল এসএম সিরাজ উদ দৌলাকে আমরা ফের ৫ দিনের জন্য রিমান্ডে নিয়েছি। তাঁর দেয়া তথ্যকে আমরা গুরুত্ব দেব। গতকাল থেকে জিজ্ঞাসাবাদ চলছে। দেখি তিনি কী বলেন।”
পিবিআই প্রধান আরও বলেন, “এই ঘটনার মামলায় বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেজন্য অনেক ডকুমেন্ট (কাগজপত্র) নিয়ে মামলাটি রেকর্ড করতে আমাদের সময় লাগছে। আরও অনেক কাজও করতে হচ্ছে। যদি এর মধ্যে আর কোনো ঘটনা না ঘটে তাহলে আমরা ১ মাসের মধ্যে অর্থাৎ আগামী মে মাসের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দেবো।”
এরআগে গতকাল (২৭ এপ্রিল) শনিবার আলোচিত নুসরাত হত্যা মামলার চার্জশিট খুব অল্প সময়ের মধ্যে দাখিল করার কথা জানিয়েছেন ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। তবে তিনি চার্জশিট দাখিলের সুনির্দিষ্ট দিন-তারিখ জানাননি।
এমবি





