জামায়াত নেতা মাওলানা আবদুস সোবহানের ফাঁসির রয়ের প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী শিশির মনির বলেছেন এই রায়ে 'আইনগত তথ্যগত ভুল' রয়েছে।
বুধবার ট্রাইব্যুনালের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদেরকে তিনি একথা বলেন।
শিশির মনির বলেন, “আবদুস সুবহান একজন ৮৬ বছরের প্রবীণ রাজনীতিবিদ। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে সকল সাক্ষ্য প্রমাণ দাখিল করেছিল, সেগুলো অত্যন্ত দুর্বল ছিল। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে রায় দিয়েছে তা যথার্থ নয়।
তিনি বলেন, মাওলানা সোবহানের মামলায় রাষ্ট্রপক্ষ ২/৩ বছর বয়সী স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন।
আমরা মনে করি, এই রায়ে আইনগত ও তথ্যগত ভুল রয়েছে। এর প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে আপিল করবো, আপিল করার সুযোগ আমাদের রয়েছে। আইনগত ও তথ্যগত যে সকল ভুল রয়েছে তা আমরা তুলে ধরবো। আশা করি উচ্চ আদালত এই ভুলগুলো শুধরে দেবেন।’
জামায়াতের এই আইনজীবী বলেন,“রাষ্ট্রপক্ষ মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে এমন ৬ জন সাক্ষী এনেছিল, স্বাধীনতার সময় যাদের বয়স ছিল ২ থেকে ৫ বছর। তাদেরকে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু ট্রাইব্যুনাল এসব সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতেও সাজা প্রদান করেছেন। ”
প্রসঙ্গত, বুধবার মাওলানা আবদুস সুবহানকে তিনটি অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল-২। অপর ২টিতে আমৃত্যু কারাদণ্ড ও ১টিতে পাঁচ বছরের সাজা ঘোষণা করা হয়েছে।
জেএ/এসএইচ





