মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষ হয়েছে। আগামীকাল এ মামলায় রাষ্ট্রপক্ষের  আইনি বিষয়ে যুক্তি গ্রহন করবেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পঞ্চম দিনের মতো যুক্তি খন্ডন করেন প্রসিকিউটর রানা দাশ গুপ্ত ।

কায়সারের বিরুদ্ধে আনীত ১৬টি অভিযোগের মধ্যে বুধবার পর্যন্ত সকল অভিযোগের ওপর রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষ হয়েছে।

গত ২৩, ২৪ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট কায়সারের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন রাষ্টপক্ষ।
গত ২৩ জুলাই প্রসিকিউশনের ৩২ তম সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমের জেরা শেষে আদালতের নির্দেশে প্রসিকিউটর রানা দাশ গুপ্ত কায়সারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

এর আগে এ মামলায় ৩১ জন সাক্ষী কায়সারের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। আসামিপক্ষ তাদেরকে জেরাও করেন।
গত ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল-২। গত বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

কায়সারের বিরুদ্ধে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দুটিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত ৪ মার্চ তার বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রদান করেন প্রসিকিউশন।
গত ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ মে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে তিনি জামিনে আছেন।

ঢাকা, কেএ, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ