মানব জীবনের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির একমাত্র উপায় হচ্ছে পরিপূর্ণভাবে রাসূল (সা:) -এর আদর্শ অনুসরণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আইনজীবী মতিউর রহমান আকন্দ।
বুধবার (১১ নভেম্বর) সীরাতুন্নবী (সা: উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
নোয়াখালী জেলা বার ল'য়ার্স কাউন্সিলের উদ্যোগে এডভোকেট মঈন উদ্দীন আহমেদ খসরুর সভাপতিত্বে স্থানীয় বার এসোসিয়েশন মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'য়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানব জীবনে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় রসূলে করিম (সা:) -এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। আমাদের সমাজ ব্যবস্থা আজ এক অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়্যাতের করালগ্রাসে নিমজ্জিত। সমাজে ধর্ষণ, লুটপাট, দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। স্বামীর সামনে স্ত্রীকে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে এবং ধর্ষণের পর নিষ্ঠুরভাবে নারী ও শিশুকে হত্যা করা হচ্ছে। যা আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য শুধু আইন করে মানুষকে অন্যায় করা থেকে বিরত রাখা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন উন্নত নৈতিক চরিত্র। আর এটি কেবল রসূল (সা:) এর আদর্শ পরিপূর্ণভাবে অনুসরণের মাধ্যমেই সম্ভব।”
সীরাত মাহফিলে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- নোয়াখালী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বি ইউ এম কামরুল ইসলাম, ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি এড. তাজুল ইসলাম, এড. ইসমাইল মাহমুদ, বিশিষ্ট মুফাস্সিরে কুরআন মাওলানা সাইফুল্লাহ মুনীর, মাওলানা মেসবাহ উদ্দীন ও মাওলানা খায়রুল আলম বুলবুল। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





