চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে ১৪ জনের ফাঁসির আদেশ দেয়ার পর সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেন, এ রায়ে দেশের আইনের শাসনের অঙ্গীকার প্রতিষ্ঠা হয়েছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান দুপুর ১২টা ৪০ মিনিটে এ রায় ঘোষণার পরে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, দশ ট্রাক অস্ত্র মামলার এই রায়ের ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না। তারা অপরাধ করার আগে ভাববে।
এ প্রেক্ষিতে তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, আটক অস্ত্রগুলো দিয়ে একটি মিনি ক্যান্টনমেন্ট তৈরি করা সম্ভব ছিল। যাদের হাতে এ অস্ত্রগুলো যাওয়ার কথা ছিল, তাদের হাতে এটা গেলে বাংলাদেশকে দোষারোপ করা হতো। এই অস্ত্র মামলার রায় হওয়ায় অপরাধীরা অবশ্যই ভেবে-চিন্তে অপরাধ করবে।
আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দশ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। তৎকালীন সরকার এ চালান থামা চাপা দেয়ার চেষ্টা করে, যা বাংলাদেশের জন্য খুবই খারাপ সিদ্ধান্ত ছিল।
প্রসঙ্গ: দীর্ঘ ৯ বছর টানা মামলা চলার পর চাঞ্চল্যকর এ মামলার রায় হলো আজ।
এর আগে বেলা সোয়া ১১টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক ১১ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
এ রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে বিচারকের ব্যক্তিগত ও বাসস্থানের নিরাপত্তা। জোরদার করা হয়েছে আদালতের নিরাপত্তাও। রায়কে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা করতে না পারে সে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
[b]ঢাকা,৩০জানুয়ারি, (টাইমনিউজবিডি),//এসএইচ[/b]
অপরাধ
এ রায়ে দেশের আইনের শাসনের অঙ্গীকার প্রতিষ্ঠিত হয়েছে: আইনমন্ত্রী
চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে ১৪ জনের ফাঁসির আদেশ দেয়ার পর সন্তোষ প্রকাশ করে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেন, এ রায়ে দেশের আইনের শাসনের অঙ্গীকার প্রতিষ্ঠা হয়েছে





