আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের ডিএমডিসহ ১০ কর্মকর্তাকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এ তলবি নোটিশ এবি ব্যাংকের এমডির দফতরে পাঠানো হয়। নোটিশ প্রাপ্তদের আগামী ১৩ জানুয়ারি সকাল ১০ টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের তলবি নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছেন; এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিএমডি ফারুক এম আহমেদ, এসভিপি ওয়াসিকা আফরোজী, এসভিপি সালমা আক্তার, ভিপি শামীম এ মোর্শেদ, ইভিপি আখতার হামিদ খান, এসভিপি মঞ্জুর মফিজ, ব্যাংকের কারওয়ান বাজার শাখার এসএভিপি কাজী আশরাফ আলী ও এভিপি মো. আল মামুন,ইভিপি চৌধুরী মঞ্জুর লিয়াকত, ইভিপি মাহবুবুজ্জামান।

জানা যায়, বিদেশে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। পরে এ অভিযোগের বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকে পাঠায় বাংলাদেশ ব্যাংক। আর আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক টিম।

একে