লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আলম নুরু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাতি মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ৫টি গুলি ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় রফিক উল্লাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত নুরু উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ আরো জানায়, রাতে চন্দ্রেগঞ্জের গণিপুর এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

এসময় উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য ১৫টি গুলি করে। এতে নুরুল আলম নুরু গুলিবিদ্ধ হন। অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ নুরুকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মদ বলেন, নিহত নুরু পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জসহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।

এমআর