মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। প্রথমদিন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবে রাষ্ট্রপক্ষ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চ আজহারের পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে এ আদেশ দেন।

আজহারের পক্ষে রবিবার একমাত্র স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রাষ্ট্রপক্ষ তাকে জেরা করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম। অপরদিকে আসামিপক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার।

উল্লেখ্য,আজহারের বিরুদ্ধে গত বছর ২৬ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে তার বিরুদ্ধে গত বছর ১২ নভেম্বর ৬টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।

তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধে ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের) দায় রয়েছে ।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারস্থ নিজ বাসা থেকে ২০১২ সালের ২২ আগস্ট আজহারকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

ঢাকা,কেএ,৪ আগষ্ট,টাইমনিউজবিডি.কম