ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম সোয়া এক কেজি সোনাসহ পান্না (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার দেহ ও লাগেজ তল্লাশি করে অবৈধভাবে আনা ওই সোনা উদ্ধার করা হয়।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, পান্না সিঙ্গাপুরের টিআর- ২৬৫৬ নম্বর ফ্লাইটে রাতে বিমানবন্দরে এসে পৌঁছেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ডিজিটাল স্ক্যানারে লাগেজ ও দেহ তল্লাশির পর লুকিয়ে রাখা মোট সোয়া এক কেজি সোনা পাওয়া যায়। তার বাড়ি পিরোজপুরে।
শহীদুজ্জামান সরকার আরও জানান, আটক পান্নাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা করা হবে।
কেএইচ





