রাজধানীর শেখেরটেকে এক স্কুলের প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করার অভিযোগ এসেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শেখের টেক ৬ নম্বর রোডে প্রতিভা স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার সরকারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা মহানগরীর ১০০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহর ছেলে রানা ওই শিক্ষকের উপর হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রতিভা স্কুলের সামনে রাস্তায় রানাসহ কয়েকজন ক্রিকেট খেলছিল। স্কুলে ক্লাস চলার সময় খেলতে নিষেধ করেন শিক্ষক প্রণব সরকার। তখন রানা চাপাতি নিয়ে এসে প্রণবকে কুপিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই প্রতিভা স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভে নামে।
ঘটনাটি শুনে পুলিশ অভিযানে নেমে রানাকে না পেয়ে তার দুই ভাই ও বাবাকে আটক করেছে।
আদাবর থানার ওসি শাহিনুর রহমান বলেন, “রানাকে খুঁজে বের করার জন্য তার দুই ভাই ও বাবার সহযোগিতা নেওয়া হচ্ছে।”
ইআর





