বিশিষ্ট লেখক, কলামিস্ট ও কবি ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

আজ  সোমবার ভোর ৫টার দিকে রাজধানীর শ্যামলীর বাসা থেকে ফরহাদ মজহারকে ফোন করে নিচে আসতে বলেন। তিনি বাইরে বের হলে তারা তাকে অপহরণ করে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সংবাদ মাধ্যমকে বলেন, ফরহাদ মজহারের বাড়ির সামনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৫টা ৫ মিনিটে স্বাভাবিক পোশাক পরে তিনি হেঁটে বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। তার পরিবারের তথ্য অনুযায়ী, তিনি সাধারণত ভোরে ঘুম থেকে ওঠেন। অত ভোরে তিনি বাসা থেকে বের হন না।

তিনি সাধারণত সকাল ৮টা থেকে ১০টার পরেই বাসার বাইরে যান। কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পর ৫টা ২৯ মিনিটে তার স্ত্রীর মোবাইলে ফোন করে ফরহাদ মজহার বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে মেরে ফেলবে।’

বিপ্লব কুমার বলেন, ‘আমরা ফরহাদ মজহারের ফোন ট্র্যাক করে জানতে পেরেছি, কখনো তার অবস্থান আরিচা, ফরিদপুর বা কখনো মাগুরায়। ওনার লোকেশন পরিবর্তন হচ্ছে। আমরা তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে যাচ্ছি।’

উল্লেখ্য, গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভারতে গো রক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদ জানান। এই সংবাদ সম্মেলনের উদ্যোক্তা আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসা গতকাল ভোর থেকেই ঘিরে রাখে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই এমনটা করা হয়েছিল বলে তারাঁ জানান।

বিষয়টি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলে মাহমুদুর রহমানের বাসা ঘিরে রাখা সদস্যদের সরিয়ে নেয়া হয়। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন সমাজ চিন্তক, কবি ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার। এরপরই আজ (০২ জুলাই) ভোরে অপহৃত হন তিনি।

এমবি