মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে এখনও অপেক্ষায় রয়েছেন তার আইনজীবীরা।

যদিও গতকালই (বৃহস্পতিবার) কারা কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে আইনজীবীদের সঙ্গে তার সাক্ষাতের আর কোনো সুযোগ নেই। তবে পরিবার ‍চাইলে দেখা করতে পারে।

এ পরিস্থিতিতে শুক্রবার (২০ নভেম্বর) সকালে মুজাহিদের এক আইনজীবীর সঙ্গে কথা হয়।

মুজাহিদের আইনজীবী অ্যডভোকেট গাজী এম এইচ তামিম বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় আইনজীবীদের সঙ্গে দেখা করার কথা বলেন।

পরে আমিসহ ৫ আইনজীবী কারা অধিদফতরে একটি লিখিত আবেদন করি। এতে দেখা করার সময় শুক্রবার ( ২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উল্লেখ করা হয়।

অ্যাডভোকেট তামিম বলেন, বেলা ১১টা বাজার পরও কারা অধিদফতর থেকে আমাদের ডাকা হয়নি। ডাক পেলেই আমরা যাবো, অপেক্ষায় রয়েছি।

অন্য চার আইনজীবী হলেন- অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট সাইদুর রহমান।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী ঘৃণ্য অপরাধ সংঘটনের দায়ে তৎকালীন ইসলামী ছাত্র সংঘের নেতা আলী আহসান মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এমআর