রেলওয়ের পূর্বাঞ্চলে জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে করা আরও দুটি মামলায় রেলওয়ের পূর্বাঞ্চলের বরখাস্ত হওয়া মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিচারকাজ শুরু হয়। আদালত আগামী ৬ ও ৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে জানান, টিকিট ইস্যুকার পদে মৃধা ও রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্রকৌশলী হাফিজুর রহমান ও ঘুষ দিয়ে অবৈধভাবে নিয়োগ পাওয়া প্রার্থী শাহীন শাহের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
একইভাবে টুলকিপার পদে নিয়োগ নিয়ে করা দুর্নীতির মামলায় মৃধা, কিবরিয়া, হাফিজুল এবং ঘুষ দিয়ে নিয়োগ পাওয়া প্রার্থী এস এম আজিজুল হক, সাইদুর রহমান, রবিউল হাসান ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। কিন্তু আদালত তা নাকচ করে দেন।
রেলওয়ের টুলকিপার ও টিকিট ইস্যুকার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ দুটি মামলা করেন। গত বছরের ২২ সেপ্টেম্বর তিনি মামলা দুটির অভিযোগপত্র জমা দেন।
মৃধার বিরুদ্ধে রেলের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন ইউসুফ মৃধা।
ঢাকা, ১৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





