৭১’র মানবতাবিরোধী অপরাধ মামলায় বরিশাল থেকে গ্রেফতারকৃত পটুয়াখালীর মো. ফোরকান মল্লিককে গ্রেফতার দেখানো ও তদন্তের স্বার্থে আগামী ৩ জুলাই ট্রাইব্যুনালে হাজির করানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।

সোমবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে কারা মহাপরিদর্শককে এ আদেশ দেয়া হয়।

এ মামলার প্রসিকিউটর সত্যরঞ্জন সাহা আবেদনটি করেন এবং ট্রাইব্যুনালে শুনানি করেন।

গত ২৫ জুন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফোরকান মল্লিককে গ্রেফতার করেন পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হলে তদন্তের জন্য গত ২৫ জুন তদন্ত সংস্থার কাছে পাঠান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা,ধর্ষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালের ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

ঢাকা, কেএ, ৩০জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ