হাইকোর্টে গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ‘সব কোর্টই মুজিব কোটের পকেটে বন্দী’ এই বক্তব্যের প্রেক্ষিতে জারি করা রুলের জবাব দিতে মঙ্গলবার দুপুরে আদালতে যান তিনি।
গত ৭ এপ্রিল ওই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. এ জেড এম জাহিদ এবং ডা. এম সালামকে তলব করেন হাইকোর্ট।
২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তাদেরকে স্বশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
এর আগে পত্রিকার প্রকাশিত খবর আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে আদালত এই রুল জারি করেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়।
৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জজ কোর্ট,হাইকোর্ট,সুপ্রিম কোর্ট-সব কোর্টই এখন মুজিবকোর্টের পকেটে বন্দী। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না,বিচারকদের বিবেক জাগ্রত হবে না।’
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটি খুলে দেয়ার দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করেছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]