গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় আইন প্রণয়নে কার্যকরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরি ও বিচারপতি হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হা্ইকোর্ট বেঞ্চ রুল জারি করে আদেশ দেন।
একই সঙ্গে গৃহকর্মীদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত পলিসি এবং শিশু শ্রম নীতিমালা কার্যকর করতে প্রয়োজনীয় আইন তৈরির পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্টদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদী মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী সচিবলায়ের সচিব, আইন, শ্রম ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।
আদালতে হিউম্যান রাইটস এণ্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভুইয়া রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ।
মনজিল মোরসেদ বলেন, দেশে লক্ষ লক্ষ গৃহকর্মী কাজ করলেও সংবিধান অনুসারে তারা কোনো আইনের আওতায় অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। তারা মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরা দিনে ১৫ থেকে ১৬ ঘন্টা করে শ্রম দিচ্ছে। সুতরাং তাদের জন্য একটি নীতিমালা থাকা জরুরী।
ঢাকা, কেএ, ০১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





