নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলায় ২৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। ছিলেন এ মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদের দেহরক্ষী। তবুও তিনি চাকরি করছিলেন নৌ-পুলিশে। শুধু তাই নয়, সম্প্রতি তিনি কনস্টেবল থেকে পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শকও (এএসআই) হয়েছেন।

সেই পলাতক আসামি এএসআই  হাবিবুর রহমান হাবিবকে আজ শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। দুপুর ২টার দিকে বরিশালের সদর উপজেলার হিজলার ট্যাক নৌ-পুলিশ ফাঁড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। হাবিব শরিয়তপুরের নড়িয়া থানার কাঞ্চনপাড়া গ্রামের বাসিন্দা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, হিজলা পুলিশের সহায়তায় শরিয়তপুরের নড়িয়া থানার পুলিশ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে। এতদিন হাবিবুর রহমান নজরবন্দি ছিলেন। তিনি ছিলেন তারেক সাঈদের দেহরক্ষী। সম্প্রতি পদোন্নতি পেয়ে তিনি এএসআই  হয়েছেন। তাঁকে নড়িয়ায় পাঠানো হয়েছে।

বরিশালের পুলিশ সুপার আক্তারুজ্জামানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ খুন মামলায় গত ১৬ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ২৬ জনকে ফাঁসির দণ্ডাদেশ দেন।

এ ছাড়া ৯জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে হাবিবকে ২৭ বছর দণ্ডাদেশ দেন আদালত। এ মামলায় আরও কয়েক আসামি এখনো পলাতক।

এমবি