জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আজ বৃহস্পতিবার এ আদেশ দেন বলে প্রথম আলোকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

দুদকের আইনজীবী বলেন, আজ এ মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। আদালত আত্মপক্ষ সমর্থনের জন্য ১৭ এপ্রিল খালেদা জিয়াকে হাজির হতে বলেছেন।

মামলার অপর তিন আসামির মধ্যে আজ দুজনের আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সাবেক পিএস মনিরুল ইসলাম খান। এই দুজন আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। আর হারিছ চৌধুরী পলাতক থাকায় তাঁর আত্মপক্ষ সমর্থনের শুনানি হয়নি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনার ক্ষেত্রে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।

ওএফ