বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে সাজা দিয়েছে ঢাকার একটি আদালত।
চার বছর আগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রভাষক রুহুল আমীন খন্দকারকে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
২০১১ সালে বাংলাদেশে এক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর এবং চলচ্চিত্রকার তারেক মাসুদ নিহত হওয়ার পর ফেসবুকে রুহুল আমিন খন্দকার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে মন্তব্য করেন।
বাংলাদেশে পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফলে বহু মানুষের মৃত্যু ঘটছে বলে উল্লেখ করেন তিনি। তার মন্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করেন বলে অভিযোগ করা হয়।
এই ঘটনায় রুহুল আমিন খন্দকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। সেসময় তিনি উচ্চশিক্ষার্থে অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। মামলার শুনানির সময় তিনি আদালতে হাজির হননি। তার অনুপস্থিতিতেই মামলার বিচার কাজ শেষ হয়।
আজ মামলার রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানার জন্য বিবিসি বাংলার পক্ষ থেকে ইমেলে রুহুল আমিন খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাননি।
এসএইচ





