তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন মডেল ও অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ। আজ সোমবার বিকেল ৪টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় ডিবি পুলিশ।
নওশাবার পরিবার থেকে জানানো হয়েছে, গত দুই দিন ধরেই নওশাবা উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এ ছাড়া তাঁর ডায়রিয়া হয়েছে। শরীরও অনেক দুর্বল।
উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা শওকত আকবর জানান, রিমান্ড শেষে আজ নওশাবাকে আদালতে হাজির করার কথা ছিল। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক বিকাশ সাহা দুপুরে তাঁকে আদালতের ফটকে হাজির করেন। তখন নওশাবা অসুস্থ বোধ করলে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ডিবি পুলিশ নওশাবাকে হাসপাতালে নিয়ে এসেছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডিবি পুলিশের সদস্যরা নওশাবাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মেডিসিন ওয়ার্ডে পাঠান। নওশাবার হাড়ের সমস্যার কারণে এমআরআই করানোর জন্য ডিবি পুলিশ তাঁকে হাসপাতালের বাইরে নিয়ে যায়।
গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগে উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাব। পরে তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।
পরদিন ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম নওশাবার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ১০ আগস্ট তাঁকে আদালতে হাজির করে ফের রিমান্ডের জন্য আবেদন করে ডিবি পুলিশ। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে নওশাবাকে আজ আদালতে হাজির করার কথা ছিল।
এমআর





