সিরাজগঞ্জের শাহাজাদপুরে রবীন্দ্রনাথের কাছারিবাড়ি (রবীন্দ্রকুঠির) রক্ষায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

রিটে সংস্কৃকি সচিব, সিরাজগঞ্জ জেলা প্রশাসক, ওসি, ইওনো, উপজেলা চেয়ারম্যান, বাড়িটির কাস্টডিয়ান ও ভবন নির্মানকারী প্রতিষ্ঠান ইয়ার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর পক্ষে জনস্বার্থে আইনজীবী মঞ্জিল মোর্শেদ এ রিটটি দায়ের করেন।

রিটের শুনানি আগামী রবিবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান রিটকারী আইনজীবী।
অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আরও জানান, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় দেখা গেছে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারিবাড়ীর মাত্র ১০ ফুট পাশে পাঁচতলা বিশিষ্ট একটি বহুতল বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে। এটি রবীন্দ্র কাছারিবাড়ির সৌন্দর্য্য নষ্ট করছে বলেই রিটটি দায়ের করা হয়েছে।

ঢাকা, কেএ, ৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর