মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও প্রশ্ন ফাঁস বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি রিটটি দায়ের করেন।
রিটে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং প্রশ্ন ফাঁস বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে রিটে বিবাদী করা হয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দের অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে দিয়েই গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমকে





