শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা জানান তার কাছ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, বিদেশি মুদ্রাসহ গ্রেফতার হওয়া ওই যাত্রীর নাম মো. সোবহান শেখ। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। তার জুতা ও শরীর তল্লাশি করে তাঁর কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা। এসব মুদ্রা তাঁর জুতার ভেতর ও শরীরে বিশেষভাবে লুকানো ছিল।

জিজ্ঞাসাবাদে সোবহান শেখ জানান, স্বর্ণ কেনার জন্য উদ্দেশ্যে তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। এর আগে তিনি এভাবে চারবার মুদ্রা বহন করে স্বর্ণ চোরাচালান করেছিলেন।