নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সোমবার র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে আদালতের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

সচিবালয়ে কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লার কক্ষে দুপুর আড়াইটায় জিজ্ঞাসাবাদ করা হবে।

কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন রোববার বিকালে এ তথ্য জানান।

গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার।

গত রোববার নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারেকসহ র্যা বের তিন কর্মকর্তার যোগসাজসে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন অপহরণ ও হত্যার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার জন্য র্যাাবকে ছয় কোটি টাকা দেয়া হয়েছে বলে দাবি করেছেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম। তার এ অভিযোগ প্রকাশের পরই অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে র্যা ব। একই সঙ্গে নিরপেক্ষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নারায়ণগঞ্জের অপহরণের পর সাত জনের লাশ উদ্ধারের দিনই তারেক সাইদসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ