মতিঝিল থানার একটি মামলায় কারাবন্দী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের চার্জ গঠনের জন্য ২৬ আগষ্ট অতিরিক্ত শুনানির দিন ধার্য করেছেন আদালত। আজ নির্ধারিত দিনে শুনানির পর আদালত এই দিন ধার্য করেন।
শুনানির জন্য দেলাওয়ার হোসেনকে সকালে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় রয়েছেন। রিমান্ড নিয়ে নির্যাতনের ফলে এখনো তিনি হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারেন না।
দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে দায়ের করা মতিঝিল থানার ১৩(২)১৫ মামলার শুনানিতে বিচারপতি ছিলেন তারেক মইনুল ইসলাম। ২২ নম্বর কোর্টে দেলাওয়ারের পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট আবদুর রাজ্জাক, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, এডভোকেট শামসুল ইসলাম আকন্দ, এডভোকেট লুৎফর রহমান, এডভোকেট শেখ রোকন রেজা, এডভোকেট আজমত হোসাইন ও এডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু প্রমুখ।
গত বছরের ৩১ মার্চ দেলাওয়ার হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন মামলায় তাঁকে অর্ধশত দিনেরও অধিক পুলিশী রিমান্ডে নেয়া হয়।
এদিকে, মতিঝিল থানার মিথ্যা মামলায় সংগঠনের সাবেক সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে দোষী বানানোর চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত আওয়ামী জালিম সরকার ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রেখেছে। সরকার তাঁকে হত্যার লক্ষে পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করেছে। যার ফলে তিনি এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেন না। কিন্তু এতকিছুর পরও তাঁকে আটকে রাখার সরকারি চেষ্টা ছাত্রজনতাকে বিক্ষুব্ধ করে তুলেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেলাওয়ার হোসেনকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম) // জেআই





